তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
সোমবার (১৯ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক সরকারি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়
রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক - সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিধিগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক সরকারি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান, জনতা ব্যাংক পিএলসির মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি জানানো হয়েছে।
সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তির শর্ত অনুসরণ করে প্রশাসনিক ও বিধিগত প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
একইভাবে, রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমানের ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট চুক্তিপত্রের শর্ত মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে সরকারের সুপারিশ ও সম্মতির ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায়, মূলধন ঘাটতি পূরণ, তারল্য ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করাসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। ফলে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী পর্যায়ে এই পরিবর্তন ব্যাংক খাতের ব্যবস্থাপনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দিষ্ট কারণ অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়নি। চিঠিতে মূলত ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট চুক্তির শর্ত অনুসরণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিধিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট তিন ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নতুন নিয়োগের বিষয়ে চিঠিতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া কবে শুরু হবে, সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
Shamiur Rahman
