নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬ ০১:৩৯ পিএম

বুধবার সকাল ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধের জন্য শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় জড়ো হচ্ছিলো। তাদের এই জড়ো হওয়া দেখে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় শ্রমিকরা পাল্টা ইটপাটকেল মারলে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সকালে শ্রমিকরা কাজে মনোনিবেশ না করে বের হওয়ার চেষ্টা করেছিলো। যে কারণে আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করেছি। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি। কোনোভাবেই তাদের রাস্তায় আসতে দিবো না।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এক ফার্মেসির দোকানি বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হওয়ার পর তাদের সঙ্গে প্রথমে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এক পর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

তবে শ্রমিকদের অভিযোগ, মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, এর মধ্যে বিএনপির নেতারা এসে তাদের শ্রমিকদের মারধর করেন।

এদিকে পুলিশের ছোড়া টিয়ারশেলের স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক জান্নাত (১৮) অসুস্থ হয়ে পড়েন। তাকে পাঁজাকোলা করে সহকর্মীরা হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা যায়।

তার আরেক সহকর্মী নার্গিস বলেন, “পুলিশের সঙ্গে শ্রমিকদের ঝামেলা হবার পরই আমাদের হোসিয়ারি ছুটি দিয়ে দেয়। আমরা বেরিয়ে আসার পরই রাস্তায় টিয়ার শেলের মধ্যে পড়ে যাই।”

এর আগে সোমবার ও মঙ্গলবারও একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান শ্রমিকরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

Shamiur Rahman

সম্পর্কিত