এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ দায়িত্বে আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ০৮:১০ পিএম

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি এতদিন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে যাওয়ার আগে আহসান হাবিবকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে।

আহসান হাবিব গত ২৯ জুন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি বর্তমানে সংস্থার কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন তিনি।

আহসান হাবিব বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর ফাঁকি উদঘাটন করেন। এসময় তিনি বেশ আলোচনায় আসেন।

প্রসঙ্গত, আহসান হাবিব বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস পরীক্ষায় নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

Shamiur Rahman

সম্পর্কিত