রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গুলির ঘটনায় আহত ব্যক্তি সুস্থ আছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
রাজবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে রিক্সায় করে শহরের কাপড় বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় পেছন থেকে দুইজন এসে তাকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এক পর্যায়ে রিক্সা থেকে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় একটি গুলি তার হাতে এসে লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গুলির ঘটনায় আহত ব্যক্তি সুস্থ আছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Shamiur Rahman
