দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম

রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই পদায়নের তথ্য জানানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।

রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই পদায়নের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল আলম দীর্ঘদিন উপসচিব হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ৯ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে যুগ্নসচিব পদে পদোন্নতি প্রদান করে।

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী যুগ্মসচিব মো. নাজমুল আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) একজন অভিজ্ঞ কর্মকর্তা। আর্থিক খাতের শৃঙ্খলা ও সুশাসন রক্ষায় এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী ভূমিকা পালন করেন।

অর্থমন্ত্রণালয় ও আর্থিক খাত সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকিতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতাকে দুর্নীতি দমন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন মহাপরিচালক যোগদানের ফলে দুদকের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

Shamiur Rahman

সম্পর্কিত