রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬ ০১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৭টির জন্য ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। চারটি আসন পুনরুদ্ধারের মাধ্যমে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। গত বছরও দলটির জন্য এমন জয়কে প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছিল।

এই জয়ের ফলে আগামী ২০২৭ সালে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা পেতে যাচ্ছে দলটি।

সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়ানোর প্রয়োজন ছিল। নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ও ওহাইওতে রিপাবলিকানদের হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা।

সাউথ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজ হারান রিপাবলিকান ডারলিন গ্রাহামকে। এই জয়ের মধ্য দিয়ে একটি ইতিহাস গড়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। তিনিই প্রথম নারী, যিনি সাউথ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হলেন।

১৯৯৮ সালের পর এই প্রথম সাউথ ক্যারোলাইনা থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট সদস্য নির্বাচিত হলেন। এর আগে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে অঙ্গরাজ্যটি থেকে সিনেট নির্বাচনে জয় পেয়েছিলেন ফ্রিটজ হলিংস। ২০০৫ সালে তার দায়িত্ব শেষ হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটির দুটি সিনেট আসনই রিপাবলিকানদের দখলে ছিল।

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেন। ওহাইওতে সাবেক সিনেটর শেরড ব্রাউন জয়ী হন।

টেক্সাসে ৩০ বছরের বেশি সময় ধরে অঙ্গরাজ্যব্যাপী কোনো নির্বাচনে জয় পায়নি ডেমোক্র্যাটরা। এবার সেই রাজ্যে দলটির প্রার্থী জেমস টালারিকো বড় ব্যবধানে হারিয়েছেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী কেন প্যাক্সটনকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৭টির জন্য ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ফলাফলকে ট্রাম্পের জন্য রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারে অক্টোবরজুড়ে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি। তবে তার জনপ্রিয়তা কমে যাওয়া রিপাবলিকান প্রার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।

নির্বাচনের ফলের পর মঙ্গলবার রাতে ট্রাম্প জানিয়েছেন, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান। তবে প্রয়োজন হলে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করবেন বলেও জানিয়েছেন তিনি।

Shamiur Rahman

সম্পর্কিত