বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা জামায়াত নেতার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে (মিনি চাইনিজ) তালা দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন
লক্ষ্মীপুরের রায়পুরে খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এতে টানা তিন দিন রেস্টুরেন্ট বন্ধ থাকায় ভিতরে কাঁচা মালামাল নষ্ট হচ্ছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেনের।
অভিযুক্তের নাম সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি জামায়াত মনোনীত উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।
ভুক্তভোগী শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের (মিনি চাইনিজ রেস্টুরেন্ট) স্বত্বাধিকারী। এই ঘটনায় তিনি বুধবার রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, বিভিন্ন সময় মাওলানা জাহেদ ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে খাবার খেতেন। মেহমান নিয়েও একাধিকবার এসেছেন। এতে বিগত ৫ মাসে তাঁর প্রায় ২০ হাজার টাকা বকেয়া হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় ২৭ অক্টোবর ১২-১৩ জনকে নিয়ে রেস্টুরেন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন। পরে কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।
রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে আমাদের রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায়া তালা দিয়ে আমাদেরকে বের কের দেওয়া হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, তিন দিন আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পচে যাচ্ছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।
এদিকে, অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, শাহাদাত নিজেই তাঁর রেস্টুরেন্টে তালা দিয়ে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমার কাছে কোনো টাকা পাবেন না। আমি তার কাছ থেকে টাকা পাব।
তবে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে বললে তিনি সদুত্তর দিতে পারেননি। হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানা নেই।
এই বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।
Shamiur Rahman
