প্রথম বোর্ড সভা শুরু

মজুরি বোর্ড গঠনের ৩ দিনের মাথায় চেয়ারম্যান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬ ০১:০৭ পিএম

মজুরি বোর্ডের প্রথম সভায় সভাপতিত্ব করছেন নবনিযুক্ত চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী (বামে); সদ্যবিদায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমান

মজুরি বোর্ডে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অনোয়ার হোসেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামসুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ

পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানের পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

বুধবার (৪ নভেম্বর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তবে তাকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। 

মজুরি বোর্ডে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অনোয়ার হোসেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামসুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

এর আগে, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

ছয় সদস্যের এই মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের। তবে বোর্ড গঠনের তিন দিনের মাথায় তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।

Shamiur Rahman

সম্পর্কিত