শোকবার্তা
অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক
অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল গত ১ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ নভেম্বর (সোমবার) বাদ জোহর তাঁর নিজ গ্রাম ডাঙ্গাপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা এবং হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
সোমবার (০২ নভেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও আদর্শবান ব্যক্তিত্ব। হাকিমপুরের মাটি ও মানুষের অধিকার আদায়, স্থানীয় উন্নয়ন এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। আমৃত্যু তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল-এর প্রয়াণে দেশ এক অভিজ্ঞ, সৎ ও জনকল্যাণকামী রাজনীতিবিদকে হারালো। তাঁর এই প্রস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি এবং গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল গত ১ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২ নভেম্বর (সোমবার) বাদ জোহর তাঁর নিজ গ্রাম ডাঙ্গাপাড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
অধ্যাপক আকরাম হোসেন মন্ডল কর্মজীবনের শুরুতে বিরামপুর কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হন।
হাকিমপুরের রাজনৈতিক ইতিহাসেও তার অবদান বিশেষভাবে স্মরণীয়। হাকিমপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭৮ সাল থেকে একাধিকবার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম জনসভার আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর পারিবারিক সুসম্পর্ক ছিল।
দলীয় রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আকরাম হোসেন মন্ডল। তিনি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং হিলি-হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুতে হাকিমপুরবাসী একজন প্রবীণ রাজনৈতিক অভিভাবক, শিক্ষাবিদ, সংগঠক ও সাবেক জনপ্রতিনিধিকে হারালেন।
অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের বর্ণাঢ্য কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সুদীর্ঘ সম্পর্ক স্থানীয় মানুষের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
Shamiur Rahman
