টাইব্রেকারে ডাচ সাম্রাজ্যের পতন
১৪ বছর পর নারী হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
এটি আর্জেন্টিনার নারী হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। এর মাধ্যমে টানা তিন আসর ধরে চ্যাম্পিয়ন থাকা ডাচদের অবিশ্বাস্য আধিপত্যের অবসান ঘটিয়ে দীর্ঘ ১৪ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো দক্ষিণ আমেরিকার দলটি। সর্বশেষ ২০১০ সালে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
একটু হলেই টানা চতুর্থবার বিশ্বকাপের মুকুট উঠত নেদারল্যান্ডসের মাথায়। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দিল আর্জেন্টিনা। নারী হকি বিশ্বকাপের মহানাটকীয় ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হওয়ার পর সর্বোচ্চ ৯ বারের বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে টানা তিন আসর ধরে চ্যাম্পিয়ন থাকা ডাচদের অবিশ্বাস্য আধিপত্যের অবসান ঘটালো দক্ষিণ আমেরিকার দলটি।
২০২৬ এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপের আয়োজক দেশ ছিলো বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। শনিবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসের আমস্টেলভিন (আমস্টারডামের কাছে) শহরে অবস্থিত ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত ভাগেনার ফিল্ড হকি স্টেডিয়ামে নারী হকি বিশ্বকাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
নারী হকি বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। খেলার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল অত্যন্ত সমানে-সমান। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানস নিজের অষ্টম গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডাচরা। বিরতির পর পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে মারিয়া গ্রানাত্তোর পেনাল্টি কর্নার ফিরতি শটের গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
শুটআউটে দারুণ নিয়ন্ত্রণ দেখায় আর্জেন্টিনা। রোমাঞ্চকর শ্যুটআউটে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ডে সোফিয়া কায়রোর নিখুঁত শটে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচে চমৎকার সেভের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্তিনা কোসেনতিনো।

এটি আর্জেন্টিনার নারী হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। দীর্ঘ ১৪ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা। সর্বশেষ ২০১০ সালে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এই জয় দিয়ে চার বছর আগের ফাইনালের হিসাবও মিটিয়ে নিল আর্জেন্টাইনরা। আগের আসরের শিরোপা লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এবার সেই দলকেই টাইব্রেকারে হারিয়ে প্রতিশোধ নিল আর্জেন্টিনা।
৪৮ বছর পর বেলজিয়ামের ইতিহাস
ফাইনালের আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪৮ বছর পর বিশ্বকাপে পদক জয়ের ইতিহাস গড়েছে বেলজিয়াম। ম্যাচের ২০তম মিনিটে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় চার্লট এঙ্গেলবার্টের দুর্দান্ত পেনাল্টি কর্নার থেকে করা একমাত্র গোলটি বেলজিয়ামের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।
টুর্নামেন্ট সেরাদের পুরস্কার
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও সেরাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: চার্লট এঙ্গেলবার্ট (বেলজিয়াম)
সর্বোচ্চ গোলদাতা: ইয়িব্বি জানসেন (৮টি গোল, নেদারল্যান্ডস)
সেরা গোলরক্ষক: জোসেলিন বার্ট্রাম (অস্ট্রেলিয়া)
উদীয়মান তারকা: জো অমায়া দিয়াজ (আর্জেন্টিনা)
এছাড়া ম্যাচটি ছিল ডাচ তারকা ও দুবারের বর্ষসেরা খেলোয়াড় জান ডি ওয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। রানার্স-আপ হিসেবেই শেষ হলো তার বর্ণাঢ্য আন্তর্জাতিক হকি ক্যারিয়ার।
Shamiur Rahman
