আজ হাতিরঝিলে আন্তর্জাতিক হাফ ম্যারাথন
‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে হাতিরঝিলে আয়োজিত আন্তর্জাতিক মানের এই দৌড় প্রতিযোগিতা ভোর ৫ টায় শুরু হয়ে সকাল ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীতে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় তার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন।' এই দৌড় প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩,৫০০ দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে হাতিরঝিলে আয়োজিত আন্তর্জাতিক মানের এই দৌড় প্রতিযোগিতা ভোর ৫ টায় শুরু হয়ে সকাল ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রতিযোগীদের রেস কিট ও জার্সি বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনযাপনকে উৎসাহিত করতে এবং ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে টানা দ্বিতীয়বারের মতো অ্যাক্টিভপালস বাংলাদেশের এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি স্পন্সর করছে তুর্কি এয়ারলাইন্স।
ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর হাসান সহ আরও অনেকেই।
ইসলাম গুরে 'দ্য ফিন্যান্স টুডে'কে বলেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রমবর্ধমান রানিং কমিউনিটিকে সহায়তা করার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মানুষ এবং সংস্কৃতিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এই আয়োজন ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্টেন্স রেসেস’ (এআইএমএস)-এর একটি নিবন্ধিত রেস। এর ২১.০৯৫ কিলোমিটারের হাফ ম্যারাথন কোর্সটি এআইএমএস দ্বারা প্রত্যয়িত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পরিমাপকৃত।
২১.০৯৫ কিমি হাফ ম্যারাথন, ১৪.৬৪৫ কিমি চ্যালেঞ্জ রান, ৭.৩২১ কিমি এফএনএফ রান এবং ১.৫ কিমি ফান্ড রান— এই চার বিভাগে সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ম্যারাথনে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি অংশগ্রহণকারী সকল রানারদের জন্য টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে।
Shamiur Rahman
