‘’নতুন ভবন, নতুন বিদ্যুৎকেন্দ্র: ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক হোক’’
সূর্য প্রতিদিন উঠছে। আমাদের কাজ হলো তার আলোকে নীতিতে, প্রযুক্তিতে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তায় রূপান্তর করা।
বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে গ্যাস, তেল ও কয়লার ওপর নির্ভরতা এখনও বেশি। কিন্তু আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির মূল্য ওঠানামা, বৈদেশিক মুদ্রার চাপ, বায়ুদূষণ ও জলবায়ু ঝুঁকি বিবেচনায় বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো জরুরি।
এক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত সুযোগগুলোর একটি হতে পারে রুফটপ সোলার। দেশের অসংখ্য বাড়ি, অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার ছাদ দিনের বড় সময় অব্যবহৃত থাকে। এসব ছাদে সৌর প্যানেল স্থাপন করলে নতুন জমি অধিগ্রহণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিশেষ করে সরকারি ও বাণিজ্যিক ভবনে দিনের বেলায় বিদ্যুতের চাহিদার সঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদনের সময়ও মিলে যায়।
বাংলাদেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সৌরশক্তিকে দেশের নবায়নযোগ্য জ্বালানির অন্যতম সম্ভাবনাময় উৎস হিসেবে বিবেচনা করে। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে গ্রিডের সঙ্গে যুক্ত করার পথও তৈরি হয়েছে। অর্থাৎ প্রযুক্তি ও নীতিগত কাঠামোর একটি ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। এখন প্রয়োজন কার্যকর ও ব্যাপক বাস্তবায়ন।
নতুন উপযুক্ত ভবনের নকশা অনুমোদনের সঙ্গে সৌরবিদ্যুৎ-প্রস্তুতি ও ন্যূনতম সৌর সক্ষমতার শর্ত যুক্ত করা যেতে পারে। ভবনের আকার, ছাদের আয়তন ও বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে আলাদা মানদণ্ড নির্ধারণ করা সম্ভব। প্রযুক্তিগতভাবে অসম্ভব ভবনের ক্ষেত্রে যুক্তিসংগত ব্যতিক্রম রাখা যেতে পারে।
সরকারি ভবনগুলোকে এই উদ্যোগের নেতৃত্ব দিতে হবে। মন্ত্রণালয়, সরকারি অফিস, আদালত, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ বড় স্থাপনাগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে রুফটপ সোলার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে।
তবে বাধ্যতামূলক নীতির পাশাপাশি প্রয়োজন সহজ অর্থায়ন, স্বল্পসুদের ঋণ, সবুজ অর্থায়ন, কর-সুবিধা এবং মানসম্মত সৌর সরঞ্জাম নিশ্চিত করা। নেট মিটারিংয়ের সংযোগপ্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত করতে হবে।
রুফটপ সোলার শুধু পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়; এটি জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর কৌশল। একটি নতুন ভবন কয়েক দশক টিকে থাকে। তাই নির্মাণের সময়ই সেটিকে ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উপযোগী করে তোলা বুদ্ধিমানের কাজ।
বাংলাদেশের প্রতিটি উপযুক্ত ছাদ একটি সম্ভাব্য ছোট বিদ্যুৎকেন্দ্র। এখন সময় সেই ছাদকে সম্পদে পরিণত করার।
লেখক একজন বিশিষ্ট কলামিস্ট, নীতি বিশ্লেষক ও উন্নয়নকর্মী
Shamiur Rahman
