সেপ্টেম্বর থেকে ৬ মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কূটনৈতিক প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০২:৫৪ পিএম

রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (হাইকমিশনার) জানিয়েছেন। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লাখ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে নেবে মালয়েশিয়া।’

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে এবং সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিনের বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে বলে দেশটির হাইকমিশনার আশ্বস্ত করেছেন। এটি সাধারণত সড়ক কার্পেটিংয়ের কাজে ব্যবহার করা হয়। মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টি হয়। কিন্তু তাদের কার্পেটিং করা রাস্তা সহজে নষ্ট হয় না। কারণ, তারা কার্পেটিংয়ের সঙ্গে রাবার ব্যবহার করে।

মীর শাহে আলম বলেন, ২০০৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন, তখন বগুড়া সদরে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় বর্তমান সচিব শহীদুল হাসান এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন। সেই সময় মালয়েশিয়া থেকে পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন এনে ২ কিলোমিটার রাস্তা পাইলটিং করা হয়েছিল। সেই রাস্তা এখনো ঠিক আছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে, পর্যায়ক্রমে বর্ষাকালে যাতে রাস্তাগুলো বৃষ্টির কারণে নষ্ট না হয়, সে জন্য কমপক্ষে ২০ শতাংশ রাস্তা এখন থেকেই রাবারাইজড বিটুমিন দিয়ে করার উদ্যোগ নেওয়া হবে। বিটুমিনের সঙ্গে রাবার থাকলে মালয়েশিয়ার মডেলে বর্ষাকালে বাংলাদেশের রাস্তাগুলো সহজে নষ্ট হবে না। মালয়েশিয়ার কারিগরি সহযোগিতা নিয়ে ভবিষ্যতে গ্রামীণ রাস্তা মেরামত, রক্ষণাবেক্ষণ বা নতুন রাস্তা নির্মাণে রাবারাইজড কার্পেটিং বিটুমিন ব্যবহারের জন্য এগিয়ে যাওয়া হবে।

মালয়েশিয়া বাংলাদেশে ইভি বা ইলেকট্রিক ভেহিকলে বিনিয়োগ করবে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সৌর প্যানেল ও নবায়নযোগ্য বিদ্যুৎ, হালাল ফুডসহ বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করবে। সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করার প্রস্তুতি চলছে। খুব দ্রুতই এসব প্রক্রিয়া শুরু হবে বলে হাইকমিশনার তাদের জানিয়েছেন।

Shamiur Rahman

সম্পর্কিত