এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪১ পিএম

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্র মারফত দুদক জানতে পারে।

অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব অর্থ বা অন্যান্য অস্থাবর সম্পদ স্থানান্তর, রূপান্তর কিংবা অন্যভাবে সরিয়ে নেওয়া হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে মনে করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অবস্থায় অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতকে জানায় দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।

Shamiur Rahman

সম্পর্কিত