চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি হওয়া সিগারেট তৈরির প্লান্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ পিএম

চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। সেই হিসাবে প্রাথমিক তুলনামূলক মূল্যের তুলনায় ঘোষিত মূল্য প্রায় ২৫ ভাগের এক ভাগ। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার

প্যাকিং ও র‍্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি পূর্ণাঙ্গ প্লান্ট আমদানি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। একইসঙ্গে চালানটির মূল্য দেখানো হয়েছে প্রাথমিকভাবে নির্ধারিত তুলনামূলক মূল্যের প্রায় ২৫ ভাগের ১ ভাগ। এভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরে গতকাল রাতে কায়িক পরীক্ষার পর চালানটির যন্ত্রপাতি জব্দ করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।

সিআইআইডির তথ্যমতে, রাজধানীর মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়।

তবে কাস্টমস গোয়েন্দাদের কায়িক পরীক্ষায় চালানটিতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সেলোফেন ওভারর‍্যাপার। অর্থাৎ, চালানটিতে শুধু প্যাকিং সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ উৎপাদন ও প্যাকেটজাতকরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে।

চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। সেই হিসাবে প্রাথমিক তুলনামূলক মূল্যের তুলনায় ঘোষিত মূল্য প্রায় ২৫ ভাগের এক ভাগ। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।

সিআইআইডির কর্মকর্তাদের আশঙ্কা, পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টন ওজনের চালানটির খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।

সিআইআইডি আরো জানায়, দেশে সিগারেট উৎপাদনে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। এ পরিপ্রেক্ষিতে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।

অধিদপ্তরের আশঙ্কা, এ ধরনের সংশ্লিষ্টতা ছাড়া সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।

Shamiur Rahman

সম্পর্কিত