ছবির রাজনীতি: ক্ষমতার চামচামি, কৃত্রিম ঔদ্ধত্য ও শেকড়বিচ্ছিন্নতার নগ্ন রূপ
মন্ত্রী, এমপির পদলেহনকারী, নামজাদা সেলিব্রিটি কিংবা ফুলেফেঁপে ওঠা দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে এক পলক ফ্রেমবন্দি হওয়ার জন্য মানুষ আজ উন্মুখ হয়ে থাকে
আগের যুগে প্রিয় বা গুণী মানুষের অটোগ্রাফ নেওয়ার মধ্যে এক ধরনের আন্তরিক শ্রদ্ধা, অনুরাগ ও ভালোবাসার পবিত্র টান থাকত। কিন্তু বর্তমানের এই সোশ্যাল মিডিয়া-সর্বস্ব যুগে সেই অটোগ্রাফের জায়গা নিয়েছে সস্তা ও প্রদর্শনকামিতাপূর্ণ ‘ফটোগ্রাফ’। এই ছবি তোলার সংস্কৃতি এখন আর কোনো সরল স্মৃতিচারণ নয়; এটি মূলত ক্ষমতাবান ও বিত্তশালীদের তোষামোদ করার এবং নিজের হীনম্মন্যতা ঢাকবার এক নির্লজ্জ মাধ্যম।
আজকের তথাকথিত আধুনিক সমাজে ক্যামেরা অন হয় কেবল ক্ষমতার প্রলোভনে। কার সাথে সেলফি তুললে ফেসবুকে লাইক-কমেন্ট বেশি পড়বে, কার সান্নিধ্যে গেলে নিজেকে সমাজের চোখে ‘উঁচু তলার’ মানুষ বলে জাহির করা যাবে—সেই হিসাব করেই আজ লেন্স তাক করা হয়।
মন্ত্রী, এমপির পদলেহনকারী, নামজাদা সেলিব্রিটি কিংবা ফুলেফেঁপে ওঠা দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে এক পলক ফ্রেমবন্দি হওয়ার জন্য মানুষ আজ উন্মুখ হয়ে থাকে। অথচ এই একই মানুষগুলোর বুক কাঁপে না, যখন তাদের সামনে দাঁড়ান সেই খেটে খাওয়া গরীব বন্ধুটি, যিনি সুদিনে-দুর্দিনে সবসময় ছায়ার মতো পাশে ছিলেন। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, যখন সামনে আসেন সেই অভাবী আত্মীয়-স্বজন কিংবা দিনমজুর বাবা-মা।
যাদের ঘাম ঝরানো উপার্জনে আজ এই তথাকথিত ‘আধুনিক মানুষগুলো’ সমাজে বড়াই করার সুযোগ পাচ্ছে, সোশ্যাল মিডিয়ার পাতায় সেই জন্মদাতা বাবা-মাকেই তারা সুকৌশলে লুকিয়ে রাখে। লোকসমাজে পরিচয় দিতে তাদের বুক কাঁপে, পাছে সমাজের ‘ভিআইপি’ বন্ধুরা জেনে যায় যে তাদের শিকড়টা আসলে কতটা সাধারণ!
এই মানসিকতা কোনো আধুনিকতা নয়, এটি পুরোপুরি মানসিক বিকৃতি ও আত্মিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। ক্ষমতা আর অর্থের মোহে অন্ধ হয়ে নিজের রক্ত, নিজের শেকড় এবং নিঃস্বার্থ সম্পর্কগুলোকে অস্বীকার করার চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কিছু হতে পারে না। যে মানুষ বিত্তশালীদের জুতো চাটতে গিয়ে নিজের গরীব বাবা-মাকে আড়ালে রাখে, সে আসলে পকেটে যতই দামি স্মার্টফোন বা ক্ষমতার টিকিট রাখুক না কেন, ভেতরে ভেতরে সে চূড়ান্ত রকমের দেউলিয়া।
তাই এই কৃত্রিম ও মোহাচ্ছন্ন প্রদর্শনকামিতা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। ক্ষমতাধরদের সাথে তোলা শত শত ছবি দিয়ে প্রোফাইল ভরিয়ে ফেললেও মানুষের চরিত্র মহৎ হয় না। মানুষের আসল পরিচয় তার পদক বা ক্ষমতার সান্নিধ্যে নয়, বরং তার শেকড়ের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং নিজের শিকড়কে বুক চিতিয়ে স্বীকার করার মতো সুদৃঢ় মেরুদণ্ডের মাঝেই নিহিত।
Shamiur Rahman
