ছাত্ররাজনীতি থেকে যুবদলের নেতৃত্বে, দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাফল্যের স্বীকৃতি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক রাজ, সদস্যসচিব মিলন
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান রাজকে এবং সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আরও জানানো হয়, অতি দ্রুত সময়ের মধ্যে দলের অন্যান্য ত্যাগী ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে রূপান্তর ও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
ছাত্ররাজনীতি থেকে যুবদলের নেতৃত্বে, দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাফল্যের স্বীকৃতি
দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্ব এবং যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এস এম মিজানুর রহমান রাজ বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ অবস্থান ও পরিচিতি গড়ে তুলেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। তিনি তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি হন।
ছাত্ররাজনীতির পর এস এম মিজানুর রহমান রাজ যুবদলে যুক্ত হয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাড্ডা-রামপুরা-ভাটারা জোনের টিম লিডার এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে, ছাত্রদলের নেতৃত্ব থেকে যুবদলের মহানগর কমিটির আহ্বায়ক হওয়া এস এম মিজানুর রহমান রাজের রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হলো।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন সদস্যসচিব শরিফুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মহানগর নেতৃত্বে উঠে এসেছেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিলো। সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও সম্ভাব্য নেতৃত্বের তালিকা নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। অবশেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হওয়ার পরদিনই ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করা হলো।
ঢাকা মহানগর উত্তর যুবদল রাজধানীর রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এই শাখার অধীনে থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের বিস্তৃত কাঠামো রয়েছে। ফলে নতুন আহ্বায়কের দায়িত্ব কেবল কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তৃণমূলের নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কর্মীদের মধ্যে সমন্বয় তৈরিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর পূর্ণাঙ্গ কমিটি গঠনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের প্রতিনিধিত্ব কতটা গুরুত্ব পায়, সেটিও পর্যবেক্ষণের বিষয়।
Shamiur Rahman
