বন্ড সুবিধার আড়ালে ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ০১:০৯ পিএম

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পাওয়া যায়

বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবের গরমিলের ঘটনায় নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধ দল এই অভিযান পরিচালনা করে। এসময় সংশ্লিষ্ট বিশেষ প্রতিক্রিয়া বাহিনীর (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।

অভিযানে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতির (সিবিএমএস) তথ্যের সঙ্গে সরেজমিনে পাওয়া মজুতের তুলনা করে ব্যাপক অসংগতি পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল অনুমোদিত উৎপাদন কার্যক্রমে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করেছে। এতে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য ফাঁকির পরিমাণ প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা এবং আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকার ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটিত হয়েছে।

এছাড়া রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।

বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখা। এ সুবিধায় শুল্ক-করমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও তা নির্ধারিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য পাওয়া যায়। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মনে করছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা বাড়বে। এতে বৈধ ব্যবসায়ীরা উপকৃত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে।

Shamiur Rahman

সম্পর্কিত