ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ পিএম

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম।

অনুষ্ঠানে নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শারমিন মূসা ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রভাষক আশিকুর রহমান সমী প্রাণিবিদ্যা বিভাগের পরিচিতি তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সাদিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জান্নাতুন নাহার ঝিনু ও অনিকা তাবাসসুম।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্রতী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্যচর্চাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

ঢাবির ঐতিহ্য ধারণের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ইতিহাস। দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের এই ঐতিহ্য ও গৌরবকে ধারণ করতে হবে।

তিনি বলেন, শুধু ক্যারিয়ার গঠন করলেই হবে না; দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতাও তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পরিবেশিত হয় জাগরণী গান।

Shamiur Rahman

সম্পর্কিত