ক্ষমতার আঙিনায় দল, কর্মীর মূল্যায়ন হবে কীসে?
দল সরকারে গেলে একজন রাজনৈতিক কর্মীর মূল্যায়ন হওয়া উচিত কোন মানদণ্ডে?
রাজনীতি কেন করি, এই প্রশ্নের উত্তর সবচেয়ে কঠিন হয়ে ওঠে দল যখন সরকারে যায়। বিরোধী দলে থাকার সময় ত্যাগের কথা বলা সহজ। মিছিলে লাঠিপেটা, মামলা, হুলিয়া, কারাবাস সবই তখন আদর্শের সাক্ষী। কিন্তু ক্ষমতার বারান্দায় পা রাখামাত্র একই কর্মীকে কেউ দেখেন "প্রাপ্য বুঝে নেওয়ার" দাবিদার হিসেবে, কেউ দেখেন জনগণের সেবক হিসেবে।
তাই প্রশ্নটা এখন জরুরি: দল সরকারে গেলে একজন রাজনৈতিক কর্মীর মূল্যায়ন হওয়া উচিত কোন মানদণ্ডে? রাজনীতি আসলে কী উত্তরের আগে রাজনীতির মূল অর্থে ফেরা দরকার। গ্রিক শব্দ 'পোলিস' থেকে আসা রাজনীতি মূলত সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া।
অ্যারিস্টটল মানুষকে বলেছেন, "স্বভাবতই রাজনৈতিক জীব"। তার কাছে রাষ্ট্রের লক্ষ্য নাগরিকের জন্য একটি সৎ ও সুন্দর জীবন নিশ্চিত করা। ডেভিড ইস্টনের ভাষায় রাজনীতি হলো "সমাজের মূল্যবোধ ও সম্পদের কর্তৃত্বমূলক বণ্টন"।
উক্ত দুটি সংজ্ঞা থেকে বোঝা যায়, রাজনীতি শুধু ক্ষমতা দখলের খেলা নয়। এটি যৌথ জীবনকে শৃঙ্খলায় রাখা এবং জনকল্যাণ নিশ্চিত করার শিল্প। সংজ্ঞা মানলে একজন রাজনৈতিক কর্মী কেবল দলের সৈনিক নন, তিনি সমাজের সম্পদ ও সুযোগ ন্যায্যভাবে বণ্টনের প্রক্রিয়ায় একজন অংশীদার।
ক্ষমতা হারালে সেই কর্মীরাই আবার মামলা-হামলার শিকার হন। এই চক্রে রাজনীতি হয়ে দাঁড়ায় নিশ্চিত অনিশ্চয়তার দৌড়। সেখানে মানুষ "কিছু একটা হওয়ার" তীব্র বাসনায় ছোটে, আর সেই বাসনা সেবার না হয়ে অনেক সময় গাড়ি-বাড়ি ও প্রভাবের হয়ে ওঠে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা বেড়েছে। জনগণ বারবার বলেছে, তারা ক্ষমতার পুরোনো চেহারা আর দেখতে চায় না।
কর্মী মূল্যায়নের প্রশ্নটি তাই আজ শুধু দলের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি রাষ্ট্রের সুশাসনেরও প্রশ্ন। ত্যাগ ও প্রাপ্তির ভারসাম্যে প্রথম কথা হলো ত্যাগকে অস্বীকার করা অন্যায়। যে কর্মী দুঃসময়ে জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, পরিবার-পরিজন ছেড়ে সংগঠনের পাশে থেকেছেন, তার অবদান স্বীকৃতি পাওয়ার যোগ্য।
কিন্তু ত্যাগ কোনও স্থায়ী ঋণপত্র নয়। "আমি জেল খেটেছি, তাই এখন আমার সব অনিয়ম বৈধ", এই যুক্তি ত্যাগকেই অপমান করে। স্বীকৃতি আর ক্ষমতার অপব্যবহারের ছাড়পত্র এক জিনিস নয়। অতীতের ত্যাগ মূল্যায়নের একটি উপাদান হতে পারে, কিন্তু একমাত্র উপাদান নয়।
তাহলে মূল্যায়নের মানদণ্ড কী হওয়া উচিত? প্রথমত সততা ও নৈতিক আচরণকে গুরুত্ব দিতে হবে। ক্ষমতাসীন দলের কর্মীর প্রথম পরীক্ষা ক্ষমতার প্রলোভনে। চাঁদাবাজি, দখল ও দুর্নীতি থেকে দূরে থাকা, এবং নিজের এলাকায় এসব ঠেকাতে ভূমিকা রাখা, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। যে কর্মী ক্ষমতার সময়ে সম্পদের পাহাড় গড়েননি, তিনিই প্রকৃত অর্থে আদর্শবান।
জনসম্পৃক্ততা ও সেবার বিষয়টিও খেয়াল রাখতে হবে। কর্মীর সাফল্য মাপা উচিত তার এলাকায় মানুষের সমস্যা সমাধানে ভূমিকা দিয়ে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তাঘাট, বন্যা বা দুর্যোগে পাশে দাঁড়ানো, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো। রাজনীতির লক্ষ্য যদি জনকল্যাণ হয়, তবে কর্মীর মূল্যায়নও হতে হবে সেই কল্যাণের মাপকাঠিতে। দলীয় কর্মীর আদর্শিক দৃঢ়তা ও দুঃসময়ের ভূমিকা মূল্যায়নের মানদণ্ডে প্রাধান্য পাওয়া উচিত। যিনি দলের নীতি ও আদর্শে বিশ্বাস রেখে সব সময় সংগঠনের সঙ্গে ছিলেন, আর যিনি ক্ষমতার সম্ভাবনা দেখে সদ্য যোগ দিয়েছেন, এই দুইজনকে সমান ওজনে দেখা অন্যায়। অবশ্য কেবল পুরোনো হওয়াও যথেষ্ট নয়। আদর্শ প্রমাণিত হয় আচরণে।
আইন ও বিরোধী মতের প্রতি সহনশীলতা একটি মূল্যায়ন মানদণ্ড। ক্ষমতায় গেলে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেওয়ার প্রবণতা আমাদের রাজনীতির পুরোনো রোগ। একজন ভালো কর্মী প্রমাণ করেন ভিন্নমতের মানুষকে নিরাপত্তা ও মর্যাদা দিয়ে। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সংঘর্ষ এড়িয়ে চলা মূল্যায়নের গুরুত্বপূর্ণ সূচক হওয়া উচিত। দলীয় কর্মীর দক্ষতা ও শেখার আগ্রহ থাকা জরুরি। সরকার পরিচালনার জন্য শুধু স্লোগানই যথেষ্ট নয়। নীতি বোঝা, তথ্য-প্রযুক্তি জানা, স্থানীয় সমস্যার সমাধান করার সামর্থ্য এবং নতুন দায়িত্বের জন্য নিজেকে তৈরি করা কর্মীকে আগামী দিনের নেতৃত্বের উপযোগী করে।
নেতার প্রতি অন্ধ আনুগত্য, পেশিশক্তি, অর্থের জোগান বা ব্যক্তিগত গ্রুপিং ও লবিংয়ের সক্ষমতা মূল্যায়নের মাপকাঠি হলে দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন সৎ ও যোগ্য কর্মী কোণঠাসা হন, আর তোষামোদকারী ও সুবিধাবাদীরা এগিয়ে যান।
এর পরিণতি দলের জন্যও ভালো নয়। ক্ষমতা চলে গেলে এই সুবিধাবাদীরা সবার আগে সরে পড়েন, আর দল পড়ে থাকে জনগণের ক্ষোভের মুখে। কাজেই এগুলো দিয়ে কর্মীর মূল্যায়ন হওয়া উচিত নয়।
মূল্যায়ন শুধু দলের উচ্চপর্যায়ের হাতে থাকলে তা পক্ষপাতদুষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই কয়েকটি বিকল্প ব্যবস্থা ভাবা যেতে পারে যেমন, স্বচ্ছ লিখিত মানদণ্ড থাকতে হবে। দল প্রকাশ্যে ঘোষণা করবে কর্মীদের পদোন্নতি ও মনোনয়ন কীসের ভিত্তিতে হবে। স্থানীয় জনমত বিবেচনায় নিতে হবে। এলাকার সাধারণ মানুষ, পেশাজীবী ও সুশীল সমাজের মতামত মূল্যায়নের অংশ হবে। দলে অভিযোগ নিষ্পত্তির কার্যকর কাঠামো থাকতে হবে। দলের ভেতরে স্বাধীন শৃঙ্খলা কমিটি থাকবে, যা অভিযোগ পেলে দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে, অভিযুক্ত যত প্রভাবশালীই হোন। দল সরকারে থাকার সময় দল ও প্রশাসনের পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় কর্মীর সুপারিশে সরকারি নিয়োগ বা কাজ বণ্টন বন্ধ হলে অনিয়মের সুযোগই কমে আসে। রাষ্ট্রে আইনের শাসন থাকলে সুবিধা সবার। শাসকের এবং শাসিতের সুবিধা অঙ্গাগিভাবে জড়িত। দলীয় পরিচয় যেন কাউকে আইনের ঊর্ধ্বে না রাখে। অপরাধ করলে শাস্তি পাবেন, তিনি যে দলেরই হোন।
আমরা সবাই 'হতে চাই', ক্ষমতা পেতে চাই, কিছু একটা হয়ে উঠতে চাই। এই আকাঙ্ক্ষা মানবিক। প্রশ্ন হলো, হয়ে ওঠা কীসের জন্য। শুধু ব্যক্তির পেট আর পকেট ভরার জন্য, নাকি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য? এর উত্তর আমরা সবাই জানি। দল সরকারে গেলে সেই উত্তরের প্রমাণ দিতে হয় কর্মীর প্রতিদিনের আচরণে।
তাই ক্ষমতাসীন দলের কর্মীর শ্রেষ্ঠ মূল্যায়ন তার কতটা প্রাপ্তি হলো তা দিয়ে নয়, তার হাত ধরে মানুষ কতটা উপকৃত হলো তা দিয়ে। যে কর্মী ক্ষমতার ছায়ায় থেকেও সৎ থাকেন, মানুষের পাশে দাঁড়ান এবং আইন মেনে চলেন, তিনিই প্রকৃত রাজনৈতিক কর্মী। দল যদি এই মানদণ্ড প্রতিষ্ঠা করতে পারে, তবে "রাজনীতি মানেই পেটনীতি" ধারণা বদলাতে শুরু করবে। রাজনীতি তখন ফিরে পাবে অ্যারিস্টটলের সেই উচ্চতর রূপ, যেখানে লক্ষ্য একটি সৎ ও সুন্দর জীবন নিশ্চিত করা।
লেখক: জাহেদুল আলম হিটো, রাজনৈতিক কর্মী।
Shamiur Rahman
