দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬ ১১:৫৯ পিএম

আজ ১৭ আগষ্ট (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করা হয়েছে। একইসঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

আজ ১৭ আগষ্ট (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যমান আইন অনুযায়ী, দুদকের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন। আর দুই কমিশনার পাবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমান বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

উল্লেখ্য যে, ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুদকের নতুন কমিশন গঠনের জন্য সুপারিশকারী সার্চ কমিটি এই তিনজনের নাম চূড়ান্ত করে প্রতিবেদন জমা দিয়েছলো।

এর আগে৷ গত ২২ জুন (সোমবার) দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি সার্চ (বাছাই) কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে গঠিত সার্চ কমিটির অন্য সদস্যরা ছিলেন–হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন ৩ সদস্যবিশিষ্ট দুর্নীতি দমন কমিশন পদত্যাগ করার পর ৪ মার্চ থেকে সংস্থাটির শীর্ষ পদটি শূন্য রয়েছে।

এর ফলে দীর্ঘদিন ধরে কমিশন ছাড়াই সংস্থাটির কার্যক্রম চলছিল। ফলে নতুন কোনো অভিযোগ অনুসন্ধান বা মামলা অনুমোদনের প্রক্রিয়াও বন্ধ ছিল। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিলো।

দুদক আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আগে একটি বাছাই কমিটি গঠন করতে হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

Shamiur Rahman

সম্পর্কিত