আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৪ পিএম

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়

সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। খবর পেরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ঢল নামে। উৎসুক জনতা দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানান।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল বলে প্রাথমিকভাবে এই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত নিহতদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর পুলিশ প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করেছে। এদিকে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।

Shamiur Rahman

সম্পর্কিত