মেট্রোরেলের লাইনের তারে কাপড়, ৪০ মিনিট মতিঝিল-উত্তরা ট্রেন চলাচল বন্ধ
আজ মঙ্গলবার বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে পুনরায় উভয় রুটে ট্রেন চলাচল চালু করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ায় প্রায় ৪০ মিনিট মতিঝিল থেকে উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে পুনরায় উভয় রুটে ট্রেন চলাচল চালু করা হয়।
ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকার সময়টিতেও উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল সচল ছিল। তবে মতিঝিল অভিমুখে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন।
মেট্রো চলাচলকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কাপড়টি লাইন থেকে সরানোর পর লাইনের মেকানিক্যাল বিষয়গুলো চেক করা হয়। পরে বিকাল ৫টা ১৫ মিনিটে উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এদিকে ওই সময়ে একটি ট্রেন বন্ধ থাকায় মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে থাকা অন্য ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হয়। মেট্রোরেলের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে যাত্রীরা বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকার কথা জানিয়েছেন।
মেট্রো কর্তৃপক্ষ বলছে, কাপড় সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে।
Shamiur Rahman
