৯৯৯-এ কল করে বিচার চাওয়ায় স্কুলছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল বখাটে, গ্রেপ্তার ১

মো: মিরাজ হোসেন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১১ পিএম

গুরুতর আহত ওই ছাত্রী বর্তমানে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

বরগুনার বেতাগীতে শ্লীলতাহানির বিচার চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জেরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে পিটিয়ে ৫টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।

গুরুতর আহত ওই ছাত্রী বর্তমানে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করে আসছিল একই এলাকার ফয়সাল মৃধা। গত ১৯ সেপ্টেম্বর রাতে টয়লেটে যাওয়ার সময় আবারও শ্লীলতাহানি করে সে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেয়।

কিন্তু পুলিশে অভিযোগ করার ক্ষোভে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ওপর হামলা চালায় ফয়সাল। এসময় তার এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে ছাত্রীর ৩টি দাঁত উপড়ে যায় এবং ২টি দাঁত ভেঙে যায়।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস বলেন, "সালিশের সময়ই আসামি ফয়সালের মা হুমকি দিয়েছিল, পুলিশ ডাকার ফল ভোগ করতে হবে। এখন তারই বাস্তবায়ন হলো।"

এদিকে ন্যাক্কারজনক এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, "মর্মান্তিক এই ঘটনায় পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

Shamiur Rahman

সম্পর্কিত