বরগুনার বলেশ্বরে কোস্ট গার্ডের অভিযান
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজারসহ আটক ৪
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এই বিশেষ অভিযান পরিচালনা করে
বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিনসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, দীর্ঘদিন ধরে বলেশ্বর নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো বরগুনা জেলার মো. আলামিন (৩২), পিতা- মো. আলী, গ্রাম- রূপধন, পাথরঘাটা; মো. সোহেল (২২), পিতা- আবুল কালাম, গ্রাম- ডেমা গুলিশাখালী, বদরখালী; মো. আলামিন (২৬), পিতা- মো. বাদল, গ্রাম- ডেমা গুলিশাখালী, বদরখালী; মো. ছগির (৩৫), পিতা- মো. আলী, গ্রাম- কাকচিরা, পাথরঘাটা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বালুখেকো এই চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসত-ভিটা হুমকির মুখে পড়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ড্রেজার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যপবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Shamiur Rahman
