প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫০ পিএম

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের তেল-গ্যাস সরবরাহ ও বৈশ্বিক সাপ্লাই চেইন-সংক্রান্ত চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। এই ধরনের বহিরাগত অর্থনৈতিক অভিঘাত যাতে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না করে, সেই বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থানভিত্তিক কর্মসূচি সম্প্রসারণ এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো সামাজিক কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Shamiur Rahman

সম্পর্কিত