বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

মো: মিরাজ হোসেন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২০ এএম

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন

বরগুনার পাথরঘাটায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এই ঘটনায় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সোহাগ সরদার (৩২), মো. সাগর হাওলাদার (৩৮), মো. মঞ্জু মোল্লা (৩২), মো. রেজাউল গাজী (৩৭), বিল্লাল হাওলাদার (৪৫)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা এই অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দকৃত মালামাল, ট্রলার, কাভার্ড ভ্যান এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

Shamiur Rahman

সম্পর্কিত