মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম খান (৬০)
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোলাপী নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম খান (৬০)। তিনি বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইদিন আগে নিহত নজরুল ইসলামের মেয়ে রুনা নিজের ফেসবুক আইডিতে “ কিরে শুনলাম এলাকার কোন ফেরেশতা হুজুরিনির মেয়ে বলে কট খাইলো সবাই চুপ কেনো এখন” লিখে একটি স্ট্যাটাস দেন।
এই স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার ও তার পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করেই শুক্রবার ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের নজরুল ইসলাম খানের বাড়ির সামনে আসে। এক পর্যায়ে নজরুল ইসলাম খানের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
বাগবিতণ্ডার এক পর্যায়ে ইট ও লাঠি দিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময়ে নজরুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Shamiur Rahman
