রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা
দীর্ঘ ৫০ বছর ধরে দরিদ্র মানুষের আস্থার প্রতীক হয়ে থাকা ‘রাড্ডা’ এখন নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তেরও সেবাকেন্দ্র। রাড্ডার বিভিন্ন সেন্টার থেকে বছরে প্রায় পাঁচ লাখ মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়
গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংঘটিত ভয়াবহ হামলা, লুটপাট ও স্থাপনা ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে কোস্ট ফাউন্ডেশন, ইক্যুইটি বিডি এবং বিডি-সিএসও নেটওয়ার্ক।
দীর্ঘ ৫০ বছর ধরে দরিদ্র মানুষের আস্থার প্রতীক হয়ে থাকা ‘রাড্ডা’ এখন নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তেরও সেবাকেন্দ্র। রাড্ডার বিভিন্ন সেন্টার থেকে বছরে প্রায় পাঁচ লাখ মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই ধরনের সংঘবদ্ধ হামলা কেবল সম্পদ ও অবকাঠামোর ওপর আঘাত নয়; এটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার, জননিরাপত্তা এবং মানবিক সেবার পরিবেশের ওপরও গুরুতর আঘাত।বিশেষ করে ওষুধ ও ভ্যাকসিন ধ্বংসের ঘটনায় জনস্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক।
কোস্ট ফাউন্ডেশন মনে করে, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং তাদের কর্মী, সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেছে সংস্থাটি। হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও স্থাপনা ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে কোস্ট ফাউন্ডেশন। একইসঙ্গে লুট হওয়া সম্পদ উদ্ধারের এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম দ্রুত পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
কোস্ট ফাউন্ডেশন, ইক্যুইটি বিডি এবং বিডি-সিএসও নেটওয়ার্কের সকল সম্মানিত সদস্যগণ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, কর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সংহতি প্রকাশ করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য ও মানবিক সেবাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে তারা।
Shamiur Rahman
