ঢাবিতে ‘একই সময়ে’ ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬ ০৮:০৯ পিএম

শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে দুজনকে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সময়ে টিএসসি, প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন।

ঘটনার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Shamiur Rahman

সম্পর্কিত