লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা
পারিবারিক এই সফর শেষে আগামী ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে পৌঁছালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে হিথ্রো বিমানবন্দরে ইউকে টাঙ্গাইল জেলা সমিতি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তাঁকে ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী মাইনুল আলম খান কনক, মিজানুর, ফাহমিদা, মিজান, হুমায়ুন, টিটু ও আহাদসহ যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা।
ইউকে টাঙ্গাইল জেলা সমিতির সদস্য মাইনুল আলম খান কনক বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর যুক্তরাজ্য আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা, সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।’
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাজ্যে অবস্থানকালে প্রতিমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। এটি মূলত পারিবারিক সফর হওয়ায় এই সফরে তাঁর সরকারি কর্মসূচি রয়েছে কি না, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন সুলতান সালাউদ্দিন টুকু। পারিবারিক এই সফর শেষে আগামী ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
Shamiur Rahman
