জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ ০৫:৫১ এএম

শনিবার (২২ আগস্ট) সকালে খিলগাঁওয়ের দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়

বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এছাড়া কো-চেয়ারম্যান হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।

শনিবার (২২ আগস্ট) সকালে খিলগাঁওয়ের দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দলটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নতুন মহাসচিব কাজী মো. নাহিদ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি (কাজী জাফর)-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ভাতিজা। তিনি দীর্ঘদিন ধরে দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় পর্যায়ে দলীয় সংগঠন শক্তিশালী করার কাজেও তিনি সক্রিয়।

২২ আগষ্ট (শনিবার) অনুষ্ঠিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, সেলিম মাস্টার, জুবায়ের হায়দার; ভাইস চেয়ারম্যান কামরুল হুদা; যুগ্ম মহাসচিব এএসএম শামীম ও কাজী মোহাম্মদ নজরুল; দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা; ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক; জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার; জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ এবং সদস্য সচিব মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।

জাতীয় পার্টি (কাজী জাফর) দীর্ঘদিন ধরেই বিএনপির নেতৃত্বাধীন জোটের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৫ সালের মার্চে দলটি ১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। তবে একই সময়ে বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখার কথা জানায় দলটি।

দলীয় সূত্র বলছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং বিএনপির নেতৃত্বাধীন বৃহত্তর রাজনৈতিক কর্মসূচিতে দলের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এরশাদের জাতীয় পার্টি থেকে পৃথক হয়ে পরবর্তীতে জাতীয় পার্টি (কাজী জাফর) প্রতিষ্ঠা করেন এবং দলটিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত করেন। ২০১৫ সালের ২৭ আগস্ট তাঁর মৃত্যুর পর দলটির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন এসেছে।

দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক বলয়ের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সক্রিয়। ২০২৬ সালের নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতাতেও জাতীয় পার্টি (কাজী জাফর)-এর নেতাদের বিএনপি ও মিত্র দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

Shamiur Rahman

সম্পর্কিত