পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার হয়ে দিল্লিতে যাচ্ছেন।
বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে যাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার হয়ে দিল্লিতে যাচ্ছেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
Shamiur Rahman
