কক্সবাজারে হোটেল কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬ ০২:৩৮ এএম

নিহত সুমি আক্তার মীম (২৯) স্থানীয় হোটেল সি পার্লের স্পা বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে

কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর শফির বিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার মীম (২৯) স্থানীয় হোটেল সি পার্লের স্পা বিভাগে গত এক বছর যাবৎ কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসার কক্ষটি গত তিন দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে বাড়ির মালিক ছালাত উল্লাহ ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি স্থানীয়দের জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমের মরদেহ দেখতে পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল ছালাত মার্কেট এলাকা থেকে এক নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, ‘মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত