পরাজয়ের রাতেও বিরল সম্মাননা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক

মেসিকে ‘গার্ড অব অনার’ দিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

সামিউর রহমান প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৫:১৪ পিএম

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের কাছ থেকে এক রাজকীয় ও আবেগঘন ‘গার্ড অব অনার’ পেয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফুটবলে ‘গার্ড অব অনার’ প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ ক্রীড়াসুলভ সম্মান প্রদর্শনের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় লিওনেল স্কালোনির দল। বিশ্বমঞ্চে এই পরাজয়ের রাতে একদিকে স্মরণকালের সবচেয়ে বাজে পারফরম্যান্স; অন্যদিকে খেলোয়াড়দের অসংযত ও আক্রমণাত্মক আচরণের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো খেলা শেষেও লাল কার্ড পাওয়ার মতো কলংকিত ঘটনায় এক মহাতারকার বিদায় আড়ালে চলে যাচ্ছিলো ঠিক তখনই বিশ্ববাসী তথা লাখো কোটি ভক্ত-অনুরাগী স্বাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দিয়ে বিরল এক সম্মানে ভূষিত করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেয় স্প্যানিশ ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপের রানার্স-আপ মেডেল গ্রহণের পর বিশ্বমঞ্চে নিজের সম্ভাব্য শেষ ম্যাচটি খেলে ড্রেসিংরুমে ফেরার সময় নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের কাছ থেকে এক রাজকীয় ও আবেগঘন ‘গার্ড অব অনার’ পেয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে মেডেল নিয়ে মেসি যখন মাঠ ছাড়ছিলেন, তখন স্পেনের অধিনায়ক রদ্রি এবং তরুণ সেনসেশন লামিন ইয়ামালসহ পুরো স্প্যানিশ দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই হাত শূন্যে তুলে তুমুল করতালি দিয়ে ইতিহাসের অন্যতম সেরা এই মহাতারকাকে পরম শ্রদ্ধা ও সম্মান জানান।

৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন মেসি। পুরো টুর্নামেন্টে আট গোল করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

যদিও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি, তবু প্রতিপক্ষের এই সম্মান দেখিয়ে দিয়েছে, ফুটবলে একজন কিংবদন্তির মূল্য শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়, তাঁর অবদানও সমানভাবে স্বীকৃত।

ফুটবলে ‘গার্ড অব অনার’ প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ ক্রীড়াসুলভ সম্মান প্রদর্শনের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বকাপ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ আসরে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। তাই মেসির প্রতি স্পেনের এই সম্মান বিশ্ব ফুটবলে মেসির অনন্য অবস্থানকে আরও একবার তুলে ধরেছে।

অন্যদিকে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত উত্তেজনার মাঝে পারেদেস ও গাভির অনাকাঙ্ক্ষিত মারামারির রুক্ষ আবহ কেটে গিয়ে বিশ্বমঞ্চে মেসির বিদায়লগ্নে স্পেন ফুটবল দলের এমন অনন্য ক্রীড়াসুলভ আচরণ এবং মহানুভবতা মেটলাইফ স্টেডিয়ামের লাখো দর্শককে এক আবেগঘন মুহূর্তে ভাসিয়ে দিয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত