নানা ইস্যুতে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় ⊕ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদ ⊕ তথ্যের শৃংখলিত দুয়ার
ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে দুর্নীতির সিন্ডিকেট!
ইউপি, লাইসেন্স নবায়ন ও কমিশন বাণিজ্যের নামে অর্থ আদায়ের অভিযোগ; কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদ, তথ্য অনুসন্ধানে সাংবাদিকদের বাধা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট ঘিরে দুর্নীতি, ঘুষ, কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।
ইউটিলাইজেশন পারমিশন (ইউপি), লাইসেন্স নবায়ন, এনটাইটেলমেন্ট সুবিধা এবং বিভিন্ন দাপ্তরিক সেবার নামে সরকারি নির্ধারিত ফির বাইরে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ করেছেন গার্মেন্টস প্যাকেজিং ও অ্যাকসেসরিজ উৎপাদনকারী উদ্যোক্তারা।
সূত্রমতে, একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় এসব অনিয়ম পরিচালিত হচ্ছে। এর সঙ্গে বন্ড কমিশনারেটের একাধিক কর্মকর্তা-কর্মচারী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কিছু প্রতিনিধির সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
শুধু অর্থ আদায় নয়, অভিযোগের অনুসন্ধানে উঠে এসেছে কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারীদের মাধ্যমে আর্থিক লেনদেন, লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ গ্রহণ, প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি এবং কিছু কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ ও জীবনযাপনের বিষয়ও।
এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠেছে, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম অনুসন্ধানে তথ্যের দরজা বন্ধ রাখার চেষ্টা হচ্ছে কেন?
গত ১৭ নভেম্বর এনবিআর চেয়ারম্যানের কাছে দেওয়া এক লিখিত অভিযোগপত্রে এসব অনিয়মের বিস্তারিত তুলে ধরেছেন বাংলাদেশ গার্মেন্টস প্যাকেজিং ও অ্যাকসেসরিজ উৎপাদনকারী এবং রপ্তানিকারকরা।
উক্ত অভিযোগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রী, অর্থসচিব, বাণিজ্যসচিব এবং এনবিআরের সংশ্লিষ্ট সদস্যের কাছেও পাঠানো হয়েছে।
অনৈতিক আর্থিক লেনদেন
অভিযোগপত্রে বলা হয়েছে, প্রতিটি ইউটিলাইজেশন পারমিশন বা ইউপির বিপরীতে গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনকারীদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অথচ এই অর্থ আদায়ের পেছনে কোনো সরকারি নির্ধারিত ফি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা।
তাদের প্রশ্ন, সরকারি সেবা নিতে হলে কেন নির্ধারিত ফি-বহির্ভূত অর্থ দিতে হবে? এই অর্থ কারা আদায় করছে, কোন প্রক্রিয়ায় আদায় হচ্ছে এবং এর হিসাব কোথায় সংরক্ষিত হচ্ছে—এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।
বন্ডের বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে একটি সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য পরিচালিত হওয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বন্ডসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে অনানুষ্ঠানিক আর্থিক লেনদেনের একটি ব্যবস্থা গড়ে উঠেছে। এতে বন্ড কমিশনারেটের কর্মকর্তা এবং বেসরকারি বাণিজ্যিক প্রতিনিধিদের একটি অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে এমন মধ্যস্বত্বভোগী ও কমিশননির্ভর ব্যবস্থা থাকলে তা রাষ্ট্রীয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিকে প্রশ্নবিদ্ধ করে। এই কথিত সিন্ডিকেটের সদস্য কারা, অর্থের ভাগ কোথায় যাচ্ছে এবং এর পেছনে কোনো প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
বন্ড লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও ভয়াবহ অনিয়মের অভিযোগ করেছেন উদ্যোক্তারা। অভিযোগপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নবায়নের নামে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত ফির তুলনায় এই অর্থের পরিমাণ অনেক বেশি বলে দাবি অভিযোগকারীদের।
প্রশ্ন হচ্ছে, সরকারি সেবার নামে এত বিপুল অর্থ কারা নিচ্ছে? অর্থের কোনো দাপ্তরিক হিসাব রয়েছে কি না? আর এ ধরনের লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা কী? এসব প্রশ্নের উত্তর পেতে আর্থিক লেনদেন ও লাইসেন্স নবায়নসংক্রান্ত নথি নিরীক্ষার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কর্মকর্তাদের মাধ্যমে RO/ARO এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারীদের জন্য ডকুমেন্ট তৈরি, টাইপিং ও বিভিন্ন ফি পরিশোধের নামে অর্থ লেনদেন হচ্ছে। সরকারি দপ্তরের কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারীদের ঘিরে এমন আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।
এই ধরনের লেনদেনের আড়ালে কোনো অনৈতিক সুবিধা দেওয়া-নেওয়া হচ্ছে কি না, তা তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
প্রকৃত উদ্যোক্তারা হয়রানির শিকার
অভিযোগকারীদের দাবি, যারা অনৈতিকভাবে অর্থ দিতে রাজি হন না, তাদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও হয়রানির মুখে পড়তে হয়। বিপরীতে, অনৈতিক সুবিধা দিতে রাজি হওয়া কিছু প্রতিষ্ঠান সহজেই বিভিন্ন সেবা পাচ্ছে। এতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘদিনের বিনিয়োগ ও শ্রমে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলো বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, শ্রমিকদের মজুরি, কাঁচামালের দাম, ব্যাংকঋণের সুদ এবং প্রশাসনিক ব্যয়ের চাপে রয়েছে। এর মধ্যে কথিত দুর্নীতি ও হয়রানি তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক উদ্যোক্তা কারখানা বন্ধ করার ঝুঁকিতেও রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
কর্মকর্তাদের সম্পদ ও জীবনযাপন নিয়ে প্রশ্ন
বন্ড কমিশনারেটের কিছু কর্মকর্তার আয় ও জীবনযাপনের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ৫০ থেকে ৯০ হাজার টাকা সরকারি বেতন পাওয়া সত্ত্বেও কিছু কর্মকর্তা অস্বাভাবিক ব্যয়বহুল জীবনযাপন করছেন। সন্তানদের বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নসহ বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বন্ড কমিশনারেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য পরীক্ষা করা প্রয়োজন।
অনুসন্ধানে সাংবাদিকদের বাধা, তথ্য দিতে অনীহা
বন্ড কমিশনারেটের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে তথ্য ও বক্তব্য জানতে চাওয়া হলেও দায়িত্বশীল মহলের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
একটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে জনস্বার্থে এসব অভিযোগ অনুসন্ধান করা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব। অথচ তথ্য সরবরাহে অসহযোগিতা এবং অনুসন্ধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রবণতা স্বাভাবিকভাবেই সন্দেহ ও প্রশ্নের জন্ম দিচ্ছে।
কোনো অভিযোগের সত্যতা থাকলে তা তদন্তের মাধ্যমে প্রকাশ করা এবং অভিযোগ মিথ্যা হলে তথ্য-প্রমাণ দিয়ে খণ্ডন করাই দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাজ। কিন্তু তথ্য গোপন কিংবা সাংবাদিকদের অনুসন্ধানে বাধা দিয়ে কি কোনো অনিয়ম আড়াল করা সম্ভব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ প্রশ্নের জবাব প্রত্যাশা করছেন সচেতন মহল।
স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন মনিটরিং সেল বা তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন উদ্যোক্তারা। তাদের দাবি, সরকারি প্রতিনিধি, প্রকৃত ও সক্রিয় ব্যবসায়ী এবং স্বাধীন পেশাজীবীদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। বন্ড কমিশনারেটে কথিত অনানুষ্ঠানিক অর্থ আদায়, কমিশন বাণিজ্য ও অবৈধ লেনদেনের অভিযোগ তদন্ত করতে হবে।
পাশাপাশি ইউপি, এনটাইটেলমেন্ট, লাইসেন্স নবায়নসহ সব সেবার সরকারি ফি প্রকাশ্যে প্রদর্শন, ব্যক্তিগত যোগাযোগ ও অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন বন্ধ এবং সব সেবা ডিজিটাল ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। অভিযোগকারীদের হয়রানি ও প্রতিশোধমূলক ব্যবস্থা থেকে সুরক্ষা দিতে গোপন অভিযোগ জানানোর ব্যবস্থাও চান উদ্যোক্তারা।
তদন্তে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এনবিআরের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই
বন্ড কমিশনারেটের মতো গুরুত্বপূর্ণ রাজস্ব প্রশাসনিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর এনবিআর কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগগুলো সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আর অভিযোগের কোনো ভিত্তি না থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা স্পষ্ট করতে হবে।
সরকারি সেবা দেওয়ার নামে অনানুষ্ঠানিক অর্থ আদায়, কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটের অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। কারণ, এর সঙ্গে শুধু উদ্যোক্তাদের স্বার্থ নয়, দেশের শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশ জড়িত।
অন্যদিকে, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সরকারি প্রতিষ্ঠান কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এখন দেখার বিষয়, এনবিআর কর্তৃপক্ষ এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তে কতটা কার্যকর পদক্ষেপ নেয়, নাকি অভিযোগগুলোও অন্যান্য অভিযোগের মতো ফাইলবন্দি হয়ে পড়ে থাকে।
Shamiur Rahman
