ডিপিসি'র ১৩তম উঠান বৈঠকে শহীদ মিনারের শিল্পীকে স্মরণ

সালাহউদ্দিন মিঠু প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ১২:২৭ এএম

গত ২০ নভেম্বর (শুক্রবার) ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)`র উদ্যোগে ফরাশগঞ্জস্থ 'ঢাকা কেন্দ্রে'র ছাদ বাগানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়

ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)'র ১৩তম উঠান বৈঠকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ও পুরান ঢাকার সন্তান শিল্পী হামিদুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাপ্রেমিরা।

গত ২০ নভেম্বর (শুক্রবার) ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)`র উদ্যোগে ফরাশগঞ্জস্থ 'ঢাকা কেন্দ্রে'র ছাদ বাগানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাকর্মী, সাংবাদিক ইতিহাসপ্রেমী, আইনজীবী ও শিল্পী-ভক্তরা।

এই বৈঠক জুড়ে ছিল শিল্পীর কর্ম ও জীবন নিয়ে নানা ধরনের উপস্থাপনা, স্মৃতিচারণ ও আলোচনা। বৈঠকে ডিপিসি`র প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশেষজ্ঞ হাশেম সূফী। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাংলাদেশের শিল্পচর্চায় শিল্পী হামিদুর রাহমানের অনন্য অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী জুনায়েদ আমিন মানী, এক্সিকিউটিভ এজাজ অপূর্ব, সাংস্কৃতিক কর্মী আরিফা সোনিয়া, সংগঠক মুহাম্মদ জহিরউদ্দিন, প্রকাশক এআই জাবেদ, আইনজীবী রোকসানা আমিন, এক্সিকিউটিভ সৈয়দ জিলানী এবং ঢাকার বিভিন্ন থানা থেকে আগত ডিপিসি পরিবারের পেশাজীবীরা।

উল্লেখ্য, 'ঢাকা প্রফেশনাল কমিউনিটি' ঢাকাইয়া পেশাজীবীদের প্লাটফর্ম। ঢাকার মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ তথ্যের আদান প্রদান স্থানীয় ইতিহাস চর্চা ও যথাযথ কর্তৃপক্ষের নিকট ঢাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মানসে, ডিপিসি শহর ঢাকার প্রতিটি থানা এলাকায় উঠান বৈঠক আয়োজন করে থাকে।

Shamiur Rahman

সম্পর্কিত