শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
শনিবার রায় ৯টা ৫০ মিনিটে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের একটি চৌকস টীম এই অভিযান পরিচালনা করে.। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে প্রথম আটক ব্যক্তি ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা করে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে সোনা এনে জুয়েল ও শাওনসহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশে পাচার করতেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরেই গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে দেশের প্রতিটি বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।
Shamiur Rahman
