নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি

বৈশাখী টিভির সাংবাদিককে মারধর; জেজেইউর তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১১:৪৪ পিএম

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)

বৈশাখী টেলিভিশনের হেড অব ডিজিটাল এইচ এম নাহিয়ানকে চাকরিচ্যুত করা এবং ডিএমডি টিপু আলমের কক্ষে আটকে রেখে মারধরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে নাহিয়ানকে স্বপদে বহাল রাখা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইন অনুযায়ী বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।

বিবৃতিতে বলা হয়, একজন গণমাধ্যমকর্মীকে কর্মস্থলে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কিংবা মালিকপক্ষের কর্মীদের সঙ্গে এমন আচরণ করার অধিকার রাখেন না। চাকরিগত বিরোধ কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের নামে কাউকে আটকে রেখে নির্যাতনের সুযোগ নেই।

প্রকাশিত তথ্যের বরাতে বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় পুলিশ টিপু আলমকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আইন অনুযায়ী যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালককে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসংক্রান্ত মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে গণমাধ্যম প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ নিয়ে ওঠা অভিযোগগুলো আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

জেজেইউ বলছে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সাংবাদিকতার পরিবেশ প্রতিষ্ঠা। অথচ গণমাধ্যম প্রতিষ্ঠানের ভেতরেই সাংবাদিকরা হামলা, নির্যাতন ও চাকরিচ্যুতির শিকার হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, গণমাধ্যম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়। সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।

বিবৃতির শেষাংশে অবিলম্বে এইচ এম নাহিয়ানকে স্বপদে বহাল রাখা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনানুগ বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় জেজেইউ।

Shamiur Rahman

সম্পর্কিত