সুদে-আসলে পাওনা ৩০৫ কোটি, বন্ধকি সম্পদ ১৮৭ কোটি টাকা

জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা লোপাট: রতনপুর শিপ রিসাইক্লিংয়ের এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ০৯:৪৬ পিএম

⊕ ঋণ অনুমোদনের শর্ত উপেক্ষা, ভুয়া ভাউচারে অর্থ উত্তোলন ⊕ মালিকপক্ষের ৩ জন ও জনতা ব্যাংকের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের আরেকটি বড় ঘটনা সামনে এসেছে। ঋণ অনুমোদনের শর্ত উপেক্ষা, বিধিবহির্ভূত ঋণপত্র (এলসি) খোলা এবং ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে ব্যাংকটির ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উক্ত মামলায় চট্টগ্রামভিত্তিক রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকপক্ষের তিনজন এবং  জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার তৎকালীন ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ব্যাংকের অর্থ উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে ঋণসংক্রান্ত বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়। তবে ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ২০২৬ সালের ১৮ নভেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে।

৩০০ কোটি টাকার এলসি সীমা কিন্তু শর্ত মানার বালাই নেই

দুদকের এজাহারের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৪ মার্চ জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩০০ কোটি টাকার এলসি সীমা অনুমোদন করা হয়।

ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ একাধিক শর্ত আরোপ করেছিল। এর মধ্যে ছিল ঋণের মেয়াদ বৃদ্ধির কারণে নতুন কোনো ঋণসুবিধা না দেওয়া, প্রতিষ্ঠানের সব পরিচালকের ব্যক্তিগত ও করপোরেট গ্যারান্টি গ্রহণ এবং আগের বকেয়া দায় আদায় নিশ্চিত করে পরবর্তী ঋণ ছাড় করা।

কিন্তু দুদকের অভিযোগ, ঋণ অনুমোদনের এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করেননি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে শর্ত লঙ্ঘন করে একের পর এক ঋণসুবিধা দেওয়া হয়।

তিনটি এলসি, দুটি এলটিআর—ভুয়া ভাউচারে অর্থ উত্তোলন

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ঋণ মঞ্জুরির শর্ত উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে তিনটি এলসি খোলা হয়। একই সঙ্গে কোনো নোটশিটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর ছাড়াই ভুয়া ভাউচার তৈরি করে দুটি এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট) হিসাব খোলা হয়।

ব্যাংকিং ব্যবস্থায় এলসি ও এলটিআর গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্য অর্থায়ন-সুবিধা। এসব সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নথিপত্র, অনুমোদন এবং ঋণ ব্যবস্থাপনার নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু দুদকের অভিযোগ, এসব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই অর্থ উত্তোলনের সুযোগ তৈরি করা হয়।

এভাবে ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে জনতা ব্যাংক থেকে ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অডিটেও ধরা পড়ে অনিয়ম, তবু আদায় হয়নি টাকা

এই ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের ২০১৭ সালের একটি অডিট প্রতিবেদনেও ঋণসংক্রান্ত অনিয়মের তথ্য উঠে আসে। দুদকের অনুসন্ধানেও উক্ত প্রতিবেদনের তথ্যের সমর্থন পাওয়া গেছে।

অর্থাৎ ঋণ বিতরণ ও অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি ব্যাংকের নিজস্ব নিরীক্ষায়ও শনাক্ত হয়েছিল। এরপরও কীভাবে বিপুল অঙ্কের অর্থ অনাদায়ী থেকে গেল, কেন সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছিল—এসব প্রশ্ন সামনে এসেছে।

পাওনা ৩০৫ কোটি, বন্ধকি সম্পদ মাত্র ১৮৭ কোটি টাকা

ঋণ অনিয়মের আর্থিক ঝুঁকি এখন আরও বড় আকার ধারণ করেছে। দুদকের তথ্য অনুযায়ী, সুদসহ জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের মোট বকেয়া দাঁড়িয়েছে ৩০৫ কোটি ১২ লাখ টাকা।

অন্যদিকে, ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি ও যন্ত্রপাতির মূল্য ২০১৬ সালে নির্ধারণ করা হয়েছিল ১৮৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ ওই সময়ের মূল্যায়ন অনুযায়ী বন্ধকি সম্পদের তুলনায় ব্যাংকের বর্তমান পাওনা প্রায় ১১৭ কোটি ৫১ লাখ টাকা বেশি।

এই ব্যবধান ব্যাংকের অর্থ আদায়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বন্ধকি সম্পদের বর্তমান বাজারমূল্য কত, সেগুলোর মালিকানা ও দখল পরিস্থিতি কী এবং প্রয়োজনে সেগুলো বিক্রি করে কত টাকা আদায় সম্ভব—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

ব্যবসায়ী তিনজন, ব্যাংকের ছয় কর্মকর্তা আসামি

ঋনের অর্থ আত্মসাতের মামলায় রতনপুর শিপ রিসাইক্লিংয়ের তিন মালিকের পাশাপাশি জনতা ব্যাংকের ছয় কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন, প্রতিষ্ঠানটির এমডি মাকসুদুর রহমান, পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও শামসুন নাহার; জনতা ব্যাংকের তৎকালীন সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হরিসাধন দেব, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল মোস্তফা, এজিএম মো. আবুল মনছুর এবং তৎকালীন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ মোবারুকুল ইসলাম।

তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

জবাবদিহির প্রশ্নে ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ জনগণের আমানত ও রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার অংশ। ফলে ঋণ অনুমোদনের শর্ত লঙ্ঘন, ভুয়া ভাউচার তৈরি এবং অভ্যন্তরীণ অডিটে অনিয়ম শনাক্ত হওয়ার পরও বিপুল অঙ্কের অর্থ অনাদায়ী থাকার অভিযোগ শুধু ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের দায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; ব্যাংকের তদারকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও জবাবদিহির ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলেছে।

এই ঘটনায় ঋণ অনুমোদন থেকে শুরু করে এলসি ও এলটিআর খোলা, অর্থ ছাড়, ভাউচার যাচাই, অডিট আপত্তি নিষ্পত্তি এবং ঋণ আদায়ের প্রতিটি ধাপের নথি পর্যালোচনা জরুরি। একই সঙ্গে বন্ধকি সম্পদের পুনর্মূল্যায়ন এবং অর্থ উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে আসা প্রয়োজন। তদন্তে প্রকৃত দায় নির্ধারণ এবং ব্যাংকের অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Shamiur Rahman

সম্পর্কিত