আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব শিমুল বিশ্বাস

শ্রমিক দলের ৫১-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ০১:০৪ এএম

২১ নভেম্বর (শনিবার) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করবে এই কমিটি।

২১ নভেম্বর (শনিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

বিএনপির অন্যতম এই সহযোগী সংগঠনটির নবগঠিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করা হয়েছে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাঁদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।

এছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় উপস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তাঁরা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ ও মিঞা মো. মিজানুর রহমান।

কমিটিতে আরও আছেন — জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

Shamiur Rahman

সম্পর্কিত