জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

শাহীন আব্দুল বারী প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ ১২:১০ এএম

শনিবার (০১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি প্রায় ৩৫ হাজার দর্শক উপভোগ করেন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ।

শনিবার (০১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি প্রায় ৩৫ হাজার দর্শক উপভোগ করেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এসময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দ্রুত সময়ের মধ্যে শহীদ মারুফ স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারি সংস্কার এবং স্টেডিয়ামসংলগ্ন পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের ঘোষণা দেন।

খেলার শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ছন্দ ফিরে আসে। উভয় দলই রক্ষণভাগ সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয়। ফলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধে জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ানের আক্রমণে ম্যাচে গতি আসে। খেলার ৫৮তম মিনিটে গোপালপুরের ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাঙ্গাইল সদর।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য গোপালপুরের রবিউল, মামুন ও সিবি একাধিক আক্রমণ চালান। বিশেষ করে প্রায় ৩২ গজ দূর থেকে স্যামুয়েলের নেওয়া দুর্দান্ত শট টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মজনু ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোপালপুরের মারুফ।

ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি সায়মন এবং ধারাভাষ্য দেন আব্দুল আলিম ও অনীক রহমান বুলবুল।

Shamiur Rahman

সম্পর্কিত