এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আহসান হাবিব বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর ফাঁকি উদঘাটন করেন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ১৫তম বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে, যা সংস্থাটির ইতিহাসে প্রথমবার নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে শীর্ষ পদে পদায়ন।
কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বর্তমানে এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহসান হাবিবের নিয়োগের বিষয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন আহসান হাবিব। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর ফাঁকি উদঘাটন করেন।
এছাড়াও, অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসময় তিনি বেশ আলোচনায় আসেন।
এদিকে, এনবিআরের নিজস্ব জনবল থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় খুশি সংস্থাটির কর্মকর্তারা। তাদের মতে, প্রশাসনিক নীতি অনুযায়ী বিশেষায়িত বা সংবেদনশীল পদে নিয়োগের ক্ষেত্রে সরকার কখনো কখনো কঠোর জ্যেষ্ঠতার চেয়ে কর্মকর্তার বিশ্বস্ততা, আনুগত্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং সাহসিকতাকে বেশি মূল্যায়ন করে থাকে। এনবিআরের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের একাংশ নিজস্ব ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৫তম কর ক্যাডারে দ্বিতীয় স্থান লাভ করেন।
প্রশিক্ষণের জন্য আহসান হাবিব বুলগেরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও ভারতে গিয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে।
গত ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাঁর শেষ কর্মদিবসে জাতীয় রাজস্ব বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।
Shamiur Rahman
