এনবিআরের কঠোর সতর্কতা ও ৪-দফা নির্দেশনা
আয়কর নথি ঘিরে সক্রিয় প্রতারক চক্র, হাতিয়ে নিচ্ছে অর্থ
গত রবিবার (৫ জুলাই) এনবিআর-এর রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সতর্ক করে জানিয়েছে, একটি প্রতারক চক্র কর নথি (ফাইল) অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
গত রবিবার (৫ জুলাই) এনবিআর-এর রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি করদাতাদের মোবাইল নম্বরে যোগাযোগ করে নিজেদের এনবিআর কর্মকর্তা পরিচয় দিচ্ছে এবং অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করছে।
এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, অডিট সংক্রান্ত কোনো প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগের কোনো সুযোগ নেই। কর নথি অডিটের জন্য নির্বাচন হলে তা কেবলমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
৪-দফা নির্দেশনা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের জন্য যে চার দফা নির্দেশনা প্রদান করেছে তা নিম্নে তুলে ধরা হলো।
লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়
লিখিত নোটিশ ছাড়া কোনো ধরনের যোগাযোগকে বৈধ হিসেবে গণ্য করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা/ কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে অডিট সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন না।
আর্থিক লেনদেনে সতর্কতা
কর বা ফি পরিশোধ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগত অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
তথ্য যাচাই
সন্দেহজনক ফোন কল, এসএমএস বা ইমেইল পেলে করদাতাদের বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনি ব্যবস্থা
প্রতারকচক্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সংশ্লিষ্ট ফোন নম্বর সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আরও জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সবাইকে ব্যক্তিগত অর্থ ও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নিরীক্ষায় পড়েছে এক লাখ করদাতা
এই পর্যন্ত তিন দফায় নিরীক্ষায় পড়া করদাতার সংখ্যা এক লাখ পেরোল। সর্বশেষ গত ২৯ জুন ৫ হাজার ১৪ জন করদাতার আয়কর নথি নিরীক্ষার জন্য বাছাই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রথম দফায় গত বছরের জুলাইয়ে ১৫ হাজার ৪৯৪ করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। গত এপ্রিলে দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩–২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়।
আপনি কীভাবে জানবেন, আপনার রিটার্নটি নিরীক্ষায় পড়ল কি না। এজন্য আপনাকে এনবিআরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিরীক্ষার জন্য যাঁদের রিটার্ন বাছাই করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এক্সেল শিটে দেওয়া ওই তালিকা ধরে আপনি সহজেই আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে খুঁজতে পারবেন।
Shamiur Rahman
