কাস্টমসের শীর্ষ ৬ পদে রদবদল
রোববার (১৯ জুলাই) এনবিআরের প্রশাসন শাখা থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট উইংয়ের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং কর আহরণ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে ছয়জন কাস্টমস কমিশনারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) এনবিআরের প্রশাসন শাখা থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের আদেশের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে বদলি করে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কমিশনার মো. জাকির হোসেনকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুস্তফা আলীকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নতুন কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
অন্যদিকে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর, ঢাকা-এর কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। এছাড়া কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর, ঢাকা-এর কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব)-এর কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
দুটি প্রজ্ঞাপনেই উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সেইসঙ্গে বদলি করা কর্মকর্তাদের আগামী কয়েক কার্যদিবসের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
Shamiur Rahman
