মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো ৪৯ এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

সামিউর রহমান প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১২:৫৪ এএম

আদালতে এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়

মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে– সাবেক চার এমপি-মন্ত্রীর প্রতিষ্ঠান।

আদালতে এসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যু করা লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি বিধান পালনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্ণিত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্য প্যানেল কোড ১৮৬০-এর ৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৪২৭/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে।

এমতাবস্থায়, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ধারা ১৩ অনুযায়ী উল্লিখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার ও জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

মালয়েশিয়ায় সিন্ডিকেট করে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তা ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। এর পরিপ্রেক্ষিতেই এই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে মন্ত্রণালয়।

লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলো হচ্ছে— ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রাইভেট), লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।

উ‌ল্লেখ্য, লাইসেন্স প্রত্যাহার করা ৪৯ রিক্রুটিং এজেন্সি আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতো। তথ্যমতে, লাইসেন্স প্রত্যাহার হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য-সংশ্লিষ্ট এজেন্সিও রয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত