এনবিআরে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি
কাস্টমস ক্যাডারের ১০ অতিরিক্ত কমিশনারকে বদলি
মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এ লক্ষ্যে ১০ জন অতিরিক্ত কমিশনারকে বিভিন্ন দপ্তরে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে কর্মরত অতিরিক্ত কমিশনার ড. মো. নোমান ইসলামকে বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর), ঢাকায় বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় কর্মরত মোহাম্মদ সেলিম শেখকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
একই আদেশে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত এস. এম. শামসুল আলমকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ এবং ঢাকা (উত্তর)-এ কর্মরত মো. শামসুল আরেফিন খানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।
এছাড়া এনবিআরে কর্মরত মোহাম্মদ মাছিউর রহমান মিয়াকে মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে, রেজওয়ান আহমেদকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এবং মো. জেনেয়ার হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত মো. সাইফুর রহমানকে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ, বৃহৎ করদাতা ইউনিট (মূসক)-এ কর্মরত কিশোয়ার শিরিনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জে এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত সাদিয়া আফরোজকে জাতীয় রাজস্ব বোর্ডে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পূর্বের একটি স্মারকের আওতায় অতিরিক্ত কমিশনার রাবিকুল হাসানের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত দায়িত্বের অংশটুকু বাতিল করা হয়েছে।
Shamiur Rahman
