আবাসন খাত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের মতবিনিময়
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ড. আলী আফজাল বলেন, সরকার স্বীকৃত একমাত্র আবাসন খাতের ট্রেডবডি হিসেবে রিহ্যাব গত ৩৫ বছরের বেশি সময় ধরে পরিকল্পিত নগরায়ণ ও আবাসন উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে।
তিনি বলেন, বর্তমানে আবাসন খাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। এছাড়া সিমেন্ট, রড, ইট, সিরামিক, টাইলস, কাচ, রং, বৈদ্যুতিক সরঞ্জাম, স্যানিটারি, ফার্নিচার ও পরিবহনসহ ৩০০টির বেশি লিংকেজ শিল্প এ খাতকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
সাক্ষাৎকালে দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৬ দফা প্রস্তাব তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
৬-দফা প্রস্তাব
☞ ২১০০ সাল পর্যন্ত সম্ভাব্য জনসংখ্যা ও নগরায়ণ বিবেচনায় জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন এবং ড্যাপ ও নির্মাণ বিধিমালার যুগোপযোগী সংস্কার।
☞ নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে সাশ্রয়ী আবাসন কর্মসূচি গ্রহণ
☞ মধ্যবিত্তের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি হাউজিং ঋণের বিশেষ স্কিম চালু
☞ নিবন্ধন ব্যয়, ভ্যাট ও কর কাঠামো যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং নিবন্ধন ব্যয় ৫ শতাংশ নির্ধারণ
☞ জমির মালিকদের ওপর আরোপিত ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার।
☞ ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন এবং জমি ও ফ্ল্যাট নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজেশন
ড. আলী আফজাল বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত।
তিনি বলেন, কেউ যেন আবাসন খাতে অনিয়ম করতে না পারে, সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি রিহ্যাবের উত্থাপিত যৌক্তিক প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে ঢাকা-১১ আসনের বিএনপি নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ কাইয়ুম বলেন, দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে বাস্তবমুখী ও সময়োপযোগী নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজন। নিবন্ধন ফি যৌক্তিক করা, ডিএপি বাস্তবায়নে বিদ্যমান জটিলতার সমাধান, সরকারি সেবার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন এবং পরিকল্পিত উল্লম্ব নগরায়ণের মাধ্যমে আবাসন খাত নতুন গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. কাইয়ুম আরও বলেন, প্রধানমন্ত্রী আবাসন খাতের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। সরকারের সহযোগিতায় আবাসন শিল্প আরও শক্তিশালী হবে, বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সহজ হবে বলে আমরা আশাবাদী।
সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকাতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান এমজিআর নাসির মজুমদারসহ আবাসন খাতের শীর্ষ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Shamiur Rahman
