ঋণের বোঝা কমাতে হোটেল বিক্রি করছে বেঙ্গল গ্রুপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১০:১৫ পিএম

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই ভবন কেনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই ভবনে আন্তর্জাতিক তারকা চেইন হোটেল সুইসটেল হওয়ার কথা ছিল

ঋণের বোঝা কমাতে রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে অবস্থিত ‘সুইস টাওয়ার’ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল গ্রুপ। বেঙ্গল গ্রুপের মালিকানাধীন নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কিনে নিচ্ছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই ভবন কেনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই ভবনে আন্তর্জাতিক তারকা চেইন হোটেল সুইসটেল হওয়ার কথা ছিল।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পূবালী ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০০ কোটি টাকায় সুইস টাওয়ার ভবনটি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে।

প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন ২৭ তলা ভবনটির ৩ তলা বেজমেন্ট, অর্থাৎ মাটির নিচে। ভবনটি কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এই ভবনে ব্যাংকটি তাদের প্রধান কার্যালয় স্থানান্তর করবে। বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।

জানা যায়, ব্যাংকঋণ শোধে ভবনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল গ্রুপ। এই ভবন নির্মাণে গ্রুপটি বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও দেশি প্রতিষ্ঠান ইডকল থেকে ৩০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।

এর বাইরে গ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানেরও বড় অঙ্কের ঋণ রয়েছে। ভবনটি বিক্রি করে সেসব ঋণ পরিশোধের পরিকল্পনা রয়েছে বেঙ্গল গ্রুপের।

এই বিষয়ে জানতে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানান, ‘এই ভবনে সুইসটেল হোটেল করার কথা ছিল। ভবনের মূল কাঠামো এরই মধ্যে দাঁড়িয়ে গেছে। ৩৭০টি হোটেলকক্ষ হওয়ার কথা ছিল ভবনটিতে।

বর্তমানে আমরা আর্থিক সংকটে পড়েছি। এই কারণে ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটি বিক্রি করতে পারলে আমরা বড় অঙ্কের ব্যাংকঋণ পরিশোধ করব। ভবনটি বিক্রির বিষয়ে পূবালী ব্যাংকের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ’

Shamiur Rahman

সম্পর্কিত