স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন

মানবিক সহায়তায় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৪:৪৭ পিএম

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে আয়োজিত স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন

দুর্যোগকবলিত মানুষের মর্যাদাপূর্ণ জীবন ও মানবিক সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং জবাবদিহিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন মানবিক সহায়তা খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। তাদের মতে, স্ফিয়ার (Sphere) হ্যান্ডবুকের বাংলা সংস্করণ প্রকাশের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবক ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে আয়োজিত স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্ফিয়ার কমিউনিটি বাংলাদেশ, কোস্ট ফাউন্ডেশন এবং দুর্যোগ ফোরাম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা বলেন, স্ফিয়ার হ্যান্ডবুকে মানবিক সনদ, সুরক্ষা নীতি, কোর হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ডার্ড (সিএইচএস) এবং স্বাস্থ্য, ওয়াশ, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, আশ্রয় ও বসতি ব্যবস্থাপনার ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড একত্রিত করা হয়েছে। বাংলা সংস্করণ প্রকাশের ফলে এসব নির্দেশিকা স্থানীয় পর্যায়ে আরও সহজবোধ্য হবে এবং মানবিক সহায়তার মান, জবাবদিহিতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেজমিয়াক, বাংলাদেশে ইউএনএইচসিআরের উপ-প্রতিনিধি জুলেয়েট মুরে কিসোনি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ফোরামের সদস্য সচিব গওহার নঈম ওয়াহরা এবং সঞ্চালনা করেন মো. ইকবাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুর রহমান বলেন, বাংলাদেশের জন্য স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) স্ফিয়ারের মানদণ্ড অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেজমিয়াক বলেন, কেবল বই প্রকাশ করাই যথেষ্ট নয়; এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইউএনএইচসিআরের উপ-প্রতিনিধি জুলেয়েট মুরে কিসোনি বলেন, হ্যান্ডবুকটির স্থানীয়করণ এবং মাঠপর্যায়ে এর চর্চা মানবিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করবে।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, আন্তর্জাতিক মানবিক মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই হ্যান্ডবুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেনেভাভিত্তিক স্ফিয়ার সচিবালয়ের জুনায়রা শামস মানবিক সহায়তা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এশিয়ার আঞ্চলিক স্ফিয়ার ফোকাল তুবা সিদ্দিকী স্ফিয়ার মানদণ্ডের স্থানীয়করণে আরও জোরালো উদ্যোগের আহ্বান জানান।

এশিয়ান ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রেসপন্স নেটওয়ার্কের চেয়ারপার্সন তাকেশি কোমিয়ানো বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের অধিকার ও প্রাপ্য সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারাও মানবিক সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কবিতা বোস সারা দেশে স্ফিয়ার মানদণ্ড বাস্তবায়নের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টনের আহ্বান জানান। অন্যদিকে এনজিও প্ল্যাটফর্ম কক্সবাজারের তাহমিনা হক রোহিঙ্গা মানবিক সাড়ায় স্ফিয়ার মানদণ্ডের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে মানবিক সহায়তা খাতের দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের বিভিন্ন এজেন্সি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা মানবিক সহায়তার প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, স্ফিয়ার হ্যান্ডবুকের বাংলা সংস্করণ দুর্যোগ ও সংকটকালীন পরিস্থিতিতে মানবিক সহায়তার গুণগত মান উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার সুরক্ষায় একটি কার্যকর নির্দেশিকা হিসেবে ভূমিকা রাখবে।

Shamiur Rahman

সম্পর্কিত